সরকারি আদেশ অনুযায়ী গণপরিবহনসহ সব ধরনের যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মিছবাহুল আনওয়ার।
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ৬০(৩) ও ২০১৭ সালের ২ মার্চ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বাস, মিনিবাসসহ সব ধরনের যানবাহনে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করার নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ যানবাহনে এ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সম্প্রতি রাজধানীতে কয়েকটি গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রী আহত হওয়ার প্রেক্ষিতে এ রিট করা হয়।
আইনজীবী সৈয়দ মিছবাহুল আনওয়ার বলেন, যানবাহনে ওভারহিটিংসহ বিভিন্ন কারণে প্রায়ই অগ্নিদুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে গণপরিবহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার বিধান আইনে থাকলেও তা মানা হচ্ছে না। এ ধরনের যন্ত্র থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
