আজ নাটোর সুগার মিল বন্ধ হচ্ছে দাম কমিয়েও চিনি বিক্রি হচ্ছে না

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২১:৫১
১১ হাজার ৮৬২ টন চিনি উত্পাদন শেষে আজ শুক্রবার নাটোর সুগার মিল বন্ধ হচ্ছে। ওদিকে বিক্রি না হওয়ায় গুদামে মজুদ আছে ১৯ হাজার টন চিনি। সরকারি সুগার মিলগুলোতে চিনির উত্পাদন খরচ প্রতি কেজি ৬৮ টাকা। সম্প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। দাম কমিয়েও চিনি বিক্রি হচ্ছে না। ফলে কর্তৃপক্ষ চাষিদের আখের দাম ও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছেন না। একমাত্র নাটোর সুগার মিলেই চাষিদের পাওনা ১২ কোটি টাকা। নাটোর চিনিকল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে ১৫ ডিসেম্বর। এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার টন আখ মাড়াই হয়েছে। এবার মৌসুমের শুরুতেই হরতাল-অবরোধের কারণে ২০ দিন উত্পাদন বন্ধ ছিল। এতে উত্পাদন ব্যয় বেড়েছে। এছাড়া এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতি-চুরির কারণে মিলের লোকসান বেড়েই চলেছে। উল্লেখ্য, গত দুই মৌসুমে চিনিকলটি ৩০ কোটি টাকা লোকসান দিয়েছে। কর্পোরেশন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দায়-দেনা মেটাতে হচ্ছে। শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা দেড় কোটি টাকা এখনও পরিশোধ করা সম্ভব হয়নি। চিনি ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, বেসরকারি চিনিকলগুলো এর চেয়েও কম দামে চিনি বিক্রি করছে। ফলে তারা সরকারি চিনি কিনছেন না। চলতি মৌসুমে সুগার মিল আখ কিনছে প্রতি কেজি ২ টাকা ৬৭ পয়সায় আর চিনির দাম নির্ধারণ করেছে ৪০ টাকা। তাও বিক্রি হচ্ছে না।