বেড়ায় লড়াই হবে সমানে সমান

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২১:৫৪
পাবনার বেড়া উপজেলা নির্বাচনে গ্রামেগঞ্জে এই গরমে লেগেছে ভোটের হাওয়া। প্রত্যন্ত অঞ্চলের চায়ের কাপে উঠেছে ঝড়। ইতিমধ্যে প্রার্থীরা ভোটের জন্য ভোটারের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। ফলে গোটা উপজেলায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। বেশি প্রতিযোগিতা বিরাজ করছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের (আনারস) ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের (মোটর সাইকেল) মধ্যে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেছিল। তাই এবারে বিএনপি চাইছে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করতে আর আওয়ামী লীগ চাইছে পুনরায় বিজয়ী হয়ে নিজেদের জায়গা আরো সুসংহত করতে। ফলে সকাল থেকে রাত অবধি দলের কর্মীরা ছুটে যাচ্ছেন প্রার্থীর কাছে। যেন কারো বসার সময় নেই। তবে ভোটাররা চাইছেন এমন একজনকে যে উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখবেন , উপজেলার উন্নয়নে মনোযোগ দেবেন। এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। দিন-রাত তারাও ছুটে বেড়াচ্ছেন। নিজের প্রতীক সম্বলিত পোস্টার হাতে ধরিয়ে ভোট চাইছেন। কথা দিচ্ছেন উপজেলা দুর্নীতিমুক্ত রাখার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- মোঃ জাহাঙ্গীর হোসেন(টিউবওয়েল), মোঃ আবু সামা মোল্লা(তালা), মোঃ আবু হানিফ কাল (উড়োজাহাজ), মোঃ লুত্ফর রহমান (মাইক), এ.কে.এম আমিনুর রহমান(চশমা), মোঃ আবু সাইদ শেখ (বৈদ্যুতিক ফ্যান), রতন কুমার রাজবংশী(টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে রয়েছেন মোছাঃ মর্জিনা খাতুন(কলস), মোছাঃ আসমা(ফুটবল), মোছাঃ শায়লা শারমীন (হাঁস), মোছাঃ রোমেছা খাতুন(পাখা) এবং আলেয়া খাতুন(পদ্মফুল)।