অধিনায়ক মেগহ্যান ল্যানিংয়ের অধিনায়কোচিত ইনিংসে আয়ারল্যান্ডকে ৭৮ রানে পরাজিত করলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পাওয়া এ জয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে নিজেদের এগিয়ে নিল অস্ট্রেলিয়ান মেয়েরা। ম্যাচ সেরা ল্যানিংয়ের অসাধারণ ইনিংসে ছিল দুর্দান্ত কিছু শট যা সিলেট স্টেডিয়ামে আগত দর্শকরা বেশ উপভোগ করেছে। ৬৫ বলে ১২৬ রান করেন তিনি। এতে ছিল ১৮টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির মার। তার এই ইনিংসের পরে আইরিশদের সাত উইকেটে ১১৭ রানে গুটিয়ে দিতে অস্ট্রেলিয়ান বোলাররা বেশি সময় নেয়নি। এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে শিরোপাধারীরা চার উইকেটে ১৯১ রানের বিশাল ইনিংস গড়েছিল। অজিদের এ সংগ্রহটি এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মহিলাদের যে কোন দলের জন্য সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ১৮০ রান করেছিল যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
