গাজীপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর শরীফ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), শিশুপুত্র বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। স্থানীয় ইকবাল মাহমুদের বাড়িতে তারা ভাড়া থাকতেন। শাহ আলম ও তার স্ত্রী স্থানীয় রেনেসা অ্যাপারেলস পোশাক কারখানায় চাকরি করতেন। শাহ আলম ওই কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর ও স্ত্রী মনিরা বেগম সুইং অপারেটর। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল থানা এলাকায়। শাহ আলমের পিতার নাম রহিম মৃধা।
এ বিষয়ে বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, শাহ আলম পরিবার নিয়ে ওই এলাকার আধাপাকা টিনসেড একটি রুমে থাকতেন। ঘরের বারান্দা না থাকায় ঘরের ভিতর সিলিন্ডার গ্যাসে রান্না করতেন। বুধবার রাতে কারখানা থেকে ফিরে মনিরা বেগম রান্না করছিলেন। হঠাত্ গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এতে মেয়ে ফাতেমা দগ্ধ এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়।
