মোট ম্যাচ ১০ টি জয় পরাজয়
অস্ট্রেলিয়া ৫ ৫
ওয়েস্ট ইন্ডিজ ৫ ৫
নিজেদের মধ্যে ১০টি করে ম্যাচ খেলে দু’দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। ফলে পরিসংখ্যান দিয়েও কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্যায়ের হিসাব-নিকাশেও সমতাতেই আছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করে টুর্নামেন্ট। আর অস্ট্রেলিয়ার হারটি আসে পাকিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও এই ম্যাচে নামার আগে দু’দলই আদতে দাঁড়িয়ে আছে একই অবস্থানে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচ হেরে গেলেই যে সেমিফাইলালে ওঠার রাস্তাটা ভয়াবহ রকমের বন্ধুর হয়ে যাবে!
টুর্নামেন্টের এখন অবধি ম্যাচগুলোর ফলাফল ভুলে গেল এই দুইটি দল। বেশ ভালভাবেই ছিল ফেবারিটদের তালিকায়। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তার স্বর্ণযুগ হারিয়ে ফেললেও টি-টোয়েন্টিতে তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।
আর সামপ্রতিক পারফরম্যান্স আর দুর্ধর্ষ টপ অর্ডারের কারণে অস্ট্রেলিয়াও আছে সেই তালিকায়। কিন্তু বর্তমান চিত্রটা ভিন্ন। সেই অজি দলকে এখন সেমিফাইনালে ওঠার পথ নিয়ে ভাবতে হচ্ছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনও আছেন একই দুশ্চিন্তায়, ‘আমাদের জন্য এই ম্যাচ ছাড়া দ্বিতীয় কোন সুযোগ নেই। চাপে পড়ে গেলে আমরা যেন আরও ভাল খেলতে পারি সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। গত চার মাস ধরে সব ঠিকই ছিল। আমরা যেকোন অবস্থাতেই ভাল খেলছিলাম। কিন্তু এখন কি যে হচ্ছে!’
আজকের ম্যাচ দিয়ে সেমিফাইনালটা কিছুটা নিশ্চিত করার স্বপ্নে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজ একটা ব্যাপারে এগিয়ে থাকবে। সেটা হল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়। আর সেই ম্যাচের মতো আজও শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে চায় উইন্ডিজ দল। এই প্রসঙ্গে স্যামুয়েল বদ্রি বলেন, ‘এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই আমরা শুরুতেই উইকেট পাচ্ছি। ক্রিশমার স্যান্তোকির সাথে আমার জুটিটা বেশ ভালভাবেই জমে গেছে। কালকের (আজকের) ম্যাচেও আমরা শুরুতেই ব্রেক থ্রু এনে দেয়ার চেষ্টা করবো। ছয় ওভারের মধ্যে এমনটা করতে পারলে পরের দিকের বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।’
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স মনে রেখে দলটিকে বেশ সমীহের চোখেই দেখছেন ক্যারিবিয় অধিনায়ক ড্যারেন স্যামি, ‘এটা কোনভাবেই আমাদের জন্য সহজ কোন ম্যাচ হবে না। ভাল দল হিসাবে আমাদের কাছ থেকে যথেষ্ট সমীহই পাবে অস্ট্রেলিয়া। এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। চাপের মধ্যে যারা ভাল খেলতে পারবে তারাই বিজয়ীর হাসি হাসবে। আমরা চাইবো ভাগ্য আমাদের পক্ষেই থাকুক।’
