কলকাতার দাবায় জিয়া পঞ্চম

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:১৯
কলকাতায় ১৯তম আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম স্থান পেয়েছেন। জিয়া এবং অন্য তিন দাবাড়ু ১০ খেলায় ৭ পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে জিয়া পঞ্চম হয়েছেন। জিয়া ১০ খেলার ৪টিতে জিতেছেন এবং ৬ খেলায় ড্র করে অপরাজিত থাকেন। গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ২২তম, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব পাঁচ পয়েন্ট নিয়ে ৪১তম, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম চার পয়েন্ট নিয়ে ৬৫তম এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৭১তম স্থান পান। গতকাল কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার বারবোসা অলিভারের সাথে ড্র করেন। আমিন ভারতের কাথমালে সামিরকে এবং নাসির ভারতের রাঘুনন্দন কাউমানদুর শ্রীহরিকে হরান। রাকিব ভারতের গ্র্যান্ড মাস্টার জি,এন গোপালের কাছে এবং রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার স্বপ্নীল দুপুরের কাছে হেরে যান। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার বারবোসা অলিভার চ্যাম্পিয়ন এবং ভারতের গ্র্যান্ড মাস্টার এমআর ললিত বাবু রানারআপ হন। ১৩টি দেশের ২৭জন গ্র্যান্ড মাস্টার, ৪জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১৮জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৭৭জন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।