‘মুজিব কিল্লাহ’ প্রকল্প ৭ মাস ধরে অন্ধকারে

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহীত ‘মুজিব কিল্লাহ’ প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল থেকে ৭-৮ মাস হারিয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিকল্পিত গড়িমসিতে এই সাত মাসেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি বলে অভিযোগ পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের অক্টোবরে প্রকল্পটির অনুমোদন দিলেও কী কারণে এতদিন সেটির বাস্তবায়ন কাজ এগোয়নি সেটি তদন্ত করা হবে বলে সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে।

সংসদীয় কমিটি ছাড়াও এ ব্যাপারে অভিযোগ গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ত্রাণ প্রতিমন্ত্রী ও এই মন্ত্রণালয়ের সচিবের কাছে। জানা গেছে, মুজিব কিল্লাহ নির্মাণ, সংস্কার ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব কিল্লাহ’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেন গত বছরের ৯ অক্টোবর। বঙ্গবন্ধুর নামে গৃহীত প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তত্কালীন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রকল্পে লোকবল নিয়োগের অন্য পরের মাসে, অর্থাত্ নভেম্বরেই প্রস্তাব অনুমোদন দেন। তখন সংশ্লিষ্ট কর্তকর্তারা প্রশ্ন তোলেন- ৩ জনের জায়গায় মন্ত্রী মায়া ১০ জনকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন, এতে ডিপিপি লঙ্ঘিত হবে। এই অজুহাতে কৌশলে প্রকল্পটি আটকে দেওয়া হয়; কিন্তু সম্প্রতি এই প্রকল্পে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মীর হাশিম ইত্তেফাককে বলেন, ‘প্রকল্পে কিছু লোক নিয়োগ হয়েছে, কিছু এখনো বাকি আছে।’ আগে যে কারণে লোকবল নিয়োগ করা হয়নি, এখন একই কারণে এই নিয়োগ কেন অবৈধ হবে না? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এর জবাব আমি দিতে পারব না। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই সবকিছু হয়েছে। এখন যারা নিয়োগ পাননি তারা হয়তো সংক্ষুব্ধ হতে পারেন।’