আইন অনুযায়ী কেরানীগঞ্জে আদালত স্থাপন করা হয়েছে ----তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৪১

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার সুবিধার্থেই সরকার আইন ও বিধান অনুযায়ী কেরানীগঞ্জে আদালত স্থাপন করেছে। গতকাল বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)তে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সরকার আইন ও বিধান অনুযায়ী যে কোনো জায়গায় আদালত স্থাপন করতে পারে এবং সরকারের দায়িত্ব হচ্ছে আইন ও আদালতকে সহযোগিতা করা। যেহেতু বিএনপি দাবি করছে বেগম জিয়া অসুস্থ এবং তার আর্থাইটিজের পুরনো কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তার সুবিধার্থেই কেরানীগঞ্জে আদালত স্থাপন করা হয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে বিচারকার্যে সহযোগিতা করা।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে সংবিধানের কোনো বিষয় নেই, আদালত স্থাপন করা, আর বিচারকার্য পরিচালনা করা দুটি ভিন্ন বিষয়। বিচারক সেখানে বিচারিক প্রক্রিয়ায় বিচারান্তে কি করবেন এটা বিচারালয়ের বিষয়, কিন্তু বেগম জিয়ার সুবিধার্থেই সেখানে আদালত স্থাপন করা হয়েছে, তাকে আর অনেক দূরে আদালতে আনতে হবে না, তার শারীরিক কষ্ট লাঘব হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এদেশ এখন ডিজিটাল রূপান্তরের যুগে এসে পৌঁছেছে, দেশের সঙ্গে ডিজিটাল শব্দটি যোগ হয়ে বাংলাদেশ বিশ্বে এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে, এদেশকে বিশ্ব এখন সম্মান করে, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশকে অনুকরণ করে।’ চলতি বছরের শেষ নাগাদ দেশের প্রতিটি ইউনিয়ন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, ১০ হাজারের মতো ডাকঘর ডিজিটাল ডাকঘরে রূপান্তর হচ্ছে। 

পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এটুআইর পলিসি এডভাইজর আনীর চৌধুরী, ভোরেরকাগজ সম্পাদক ও জুরিবোর্ডের সদস্য শ্যামল দত্ত, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে ৭ জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়।