পুলিশ সদর দপ্তরে এনডিসি টিম

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৪২

ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণরত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০১৯ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেন। মেজর জেনারেল মো. মুশফেকুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এনডিসি টিমের এ পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-১) মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত্ পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরোচিত ভূমিকার ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং ৩১ জন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ৮৫ জন কর্মকর্তা ছিলেন। এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর  সঙ্গে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল মো. মুশফেকুর রহমান সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।