সর্বোচ্চ ভোট পেলেন মাহফুজুল আরিফ

বিসিএস নির্বাচনে বিবিঅ্যান্ডবি’র জয়

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:২৭
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) দ্বিবার্ষিক নির্বাচনে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি) প্যানেলের ছয় প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২০১৪-১৫ মেয়াদের এই নির্বাচনে বিজয়ী বাকি একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে সর্বোচ্চ ৪১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ মুহাম্মদ মাহফুজুল আরিফ। এ ছাড়া বিবিঅ্যান্ডবি প্যানেলের সদস্য শফিক উদ্দীন আহমেদ ৪০৫ ভোট, কাজী শামছুদ্দীন আহমেদ লাভলু ৪০২ ভোট, মজিবুর রহমান স্বপন ৩৬৯ ভোট, নজরুল ইসলাম মিলন ৩৩৫ ভোট এবং আলী আশফাক ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসএম ওয়াহিদুজ্জামান ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কমিমিটির পদ বণ্টন করা হবে। বিজয়ী হওয়ার পর বিবিঅ্যান্ডবি প্যানেলের মুখপাত্র এএইচএম মাহফুজুল আরিফ সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঐক্যের জয় হয়েছে। এখানে বিজিত হওয়ার কিছু নেই। যে ১৩ জন অংশ নিয়ছেন সবাই বিজয়ী হয়েছেন। তাই আমরা সকলে মিলেই একসাথে সুপরিবর্তনের লক্ষ্যে কাজ করব।’ গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৭৩৩ ভোটারের মধ্যে ভোট দেন ৫৯৮ জন ভোটার। বৈধ ভোট হিসেবে গৃহীত হয়েছে ৫৯১ ভোট। ৭ পদের বিরপীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩জন। স্বদেশ রঞ্জন সাহার নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন খন্দকার আতিক-ই-রব্বানী এবং কামরুল ইসলাম। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন শাফকাত হায়দার, এস কবির আহমেদ এবং একেএম শামসুল হুদা। নির্বাচনে মাত্র ২৫ মিনিটে ভোট গণনার কাজ পরিচালনা করেন অন্যরকম সফটওয়্যার।