নিরাপদ ওএস এবং অফিস ৩৬৫ নিয়ে মাইক্রোসফট বুট ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:২৭
আগামী ৮ এপ্রিল থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এক্সপি সংস্করণের জন্য সেবা বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট। মেয়াদোত্তীর্ণ অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহার করে কেউ যেন ক্ষতির মুখোমুখি না হন সে জন্য সম্প্রতি সাভারে অনুষ্ঠিত হয়েছে মাইক্রোসফট বুট ক্যাম্প। ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে এবং তাদের জন্য অধিক নিরাপদ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ও ৮.১ এবং মাইক্রসফট অফিসের নতুন সংস্করণ অফিস ৩৬৫ নিয়ে এই কর্মশালার আয়োজন করে মাইক্রসফটের পরিবেশক কম্পিউটার সোর্স। কর্মশালায় দেশব্যাপী মাইক্রসফট সফটওয়্যার বিক্রেতা এবং ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের অর্ধশত প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কম্পিউটার সোর্সের মাইক্রসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়্যুম, রাজীব তানিম ও মনিরুজ্জামান; মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হুসাইন, টেকনলজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মদ রাশেদুজ্জামান ও পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার আরিফ হোসাইন।