ইংলাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আবারো ব্যাংককের রাজপথে

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:২৯
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা শনিবার আবারো ব্যাংককের রাজপথে ফিরে এসেছে। রাজধানীর প্রধান লুমপিনি পার্ক থেকে ছয়টি ভিন্ন পথে বিক্ষোভকারীরা ব্যাংককের সিটি সেন্টারের দিকে মিছিল করেছে। মিছিল থেকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে একটি অন্তর্বর্তী পরিষদের কাছে ক্ষমতা সমর্পণ করে দুর্নীতিবিরোধী সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেছেন। প্রায় পাঁচ মাস আগে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সমপ্রতি কিছুটা স্তিমিত হয়ে আসার পর গত শনিবার এই মিছিল হলো। এর আগে কয়েক মাসব্যাপী চলা সরকারবিরোধী বিক্ষোভ ইংলাকের সমর্থক ও বিরোধীর মধ্যে সহিংসতার জন্ম দিয়েছিল যাতে ২৩ জনের মৃত্যু এবং কয়েকশ’ মানুষ আহত হয়।