তাহিরপুরে চলছে ভোটারদের কাছে টানার চেষ্টা

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩১
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন খান। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী হিসাবে রয়েছেন আওয়ামী লীগ নেতা জালালউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলী মর্তূজা, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন খন্দকার লিটন ও শ্রমিকলীগ নেতা আব্দুল হেকিম সুমন। বিএনপি দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও তাহিরপুর বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী মিলন তালুকদার, বিএনপির একাধিক প্রার্থী হিসাবে রয়েছেন উপজেলা বিএনপি নেতা মোঃ রতন মিয়া, হাজী লিয়াকত আলী, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস আলম, খেলাফত মজলিস নেতা সালেহ আহমদ ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট প্রবীর রায়। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছিয়া আফিন্দি, নাসিমা বেগম, খালেদা বেগম, হেনা আক্তার, জামায়াত সমর্থিত শাহেদা আক্তার, স্বতন্ত্র প্রার্থী সুলতানা বেগম।