বোয়ালমারীতে পুলিশকে আক্রমণ করে দুই আসামি ছিনতাই

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৫
উপজেলার তেলজুড়ীতে পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। গত শুক্রবার রাত সাড়ে ৮টার সময় তেলজুড়ী বাজারে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া ঐ দুই আসামির নাম আত্তাব শেখ (৩০) ও রিয়াজ শেখ (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার এসআই মামুন একদল পুলিশ নিয়ে ঐ দুই আসামিকে ধরতে তেলজুড়ী যান। রাত সাড়ে আটটার দিকে অংকুর বিদ্যানিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করে বাজার পার হলে অতর্কিতভাবে গ্রামবাসী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং আসামি আত্তাব ও রিয়াজকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের দুই কনস্টেবল সাখাওয়াত হোসেন (৫২), হারুন-অর-রশিদ (৫০) আহত হন। এদেরকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে ঐ রাতেই অভিযান চালিয়ে পুলিশ কাজী মহিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে।