‘এমন একটি দলকে নেতৃত্ব দেয়া সত্যিই দারুণ বিষয়’

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৫৭
সিলেট স্টেডিয়ামে গত শুক্রবার শ্রীলংকাকে ৮ উইকেটে পরাজিত করে প্রথম দল হিসেবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর শেষ চারে পদার্পন উদযাপনের ক্ষেত্রে দিনের শুরুতে ক্রিস গেইলদের দেখানো পথই অনুসরন করেছেন ক্যারিবীয় মেয়েরাও। মাঠের পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিয়ান নারীদের নাচও যথেস্টই বিনোদন যুগিয়েছে স্টেডিয়ামে আসা দর্শকদের। আর সতীর্থদের এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে ক্যারিবীয় অধিনায়ক মেরিসা আগুইলেইরা জানালেন তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। সেমিফাইনাল নিশ্চিত করার পর আগুইলেইরা বলেছেন, ‘ভিন্ন ভিন্ন আসরে আমরা ভিন্ন ভিন্ন সুরে আমরা উদযাপন করে থাকি। অবশ্যই সেটা ক্যারিবীয়ান আদলেই। আমরা যা করি সেটাই আমরা উপভোগ করি। এভাবেই আমরা নিজেদের উচ্ছাস প্রকাশ করে থাকি এবং তা উপভোগ করি। আশা করছি ফাইনালের জন্যই আমরা আমাদের মূল উদযাপনের ক্ষেত্রটা রেখে দিতে পারবো।’ কালকের দিনটি ছিল পুরোটাই ক্যারিবীয় সমর্থকদের উচ্ছাসের রাত। একদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচে গেইল, স্যামিদের দারুন এক জয়, অন্যদিকে প্রথম দল হিসেবে মহিলা দলটির সেমিফাইনালের টিকেট নিশ্চিত করা। কিন্তু আগুইলেইরার কণ্ঠে মূলত ড্যারেন স্যামির অধিনায়কত্বের প্রতিভার প্রশংসাই শোনা গেছে। তিনি বলেন, স্যামি অসাধারণ একজন মানুষ। সকলে হয়ত মনে করতে পারে সে ব্যাট বা বল হাতে দলের জন্য ততটা অবদান রাখতে পারে না। কিন্তু একজন অধিনায়ক হিসেবে সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে অনেক দিয়েছে। সে দলে আসার পর থেকে অন্য কেউ ওয়েস্ট ইন্ডিজের জন্য এতটা দেবার সুযোগই পায়নি। এখন অন্য দলগুলো আমাদের সমীহ করে, অন্য দলগুলো ক্যারিবীয় ক্রিকেটের প্রতি আগ্রহ প্রকাশ করে। আমি তার কাছে অনেক কিছু শিখেছি। তার নিজস্ব একটা স্টাইল আছে। কিন্তু সবকিছুর উপরে সে অসম্ভব ভাল একজন মানুষ। তার মধ্যে দলের প্রতি দারুণ টান রয়েছে এবং জেতার জন্য রয়েছে প্রচন্ড ইচ্ছাশক্তি। ’ এই নিয়ে তৃতীয়বারের মত মহিলাদের টি২০ বিশ্বকাপের আসরে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল নিশ্চিত করলো। তিন আসরেই দলের সাথে ছিলেন আগুইলেইরা।-বাসস