বাংলাদেশে আজ বন্ধ হচ্ছে মালদ্বীপ হাইকমিশন

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৫৬
আজ ৩১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে মালদ্বীপ হাই কমিশন। আর্থিক সংকটের কারণে মালদ্বীপ সরকার বাংলাদেশে স্থায়ী মিশন না রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছয় বছর বাংলাদেশে মিশন চালু থাকার পর আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত হাই কমিশনার, দ্বিতীয় সচিবসহ মিশনের ছয়জন কর্মকর্তা-কর্মচারী আজ বিদায় নিচ্ছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে স্থায়ী কোন মিশন খোলেনি মালদ্বীপ সরকার। অবশেষে ২০০৮ সালে স্থায়ী মিশন চালু করে সার্কভুক্ত এই দেশটি। সম্প্রতি মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশসহ ছয়টি মিশন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিদায়ী ভারপ্রাপ্ত হাই কমিশনার আহমেদ আদিল শনিবার রাতে তার সম্মানে আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে ইত্তেফাক প্রতিনিধিকে জানান, সরকারি নির্দেশে মিশন বন্ধ করে মালদ্বীপ ফিরে যাচ্ছি। দেড় বছর এদেশে ছিলাম। এখানকার সময়গুলো খুবই মধুর ও স্মৃতিময়। সবসময় এদেশের ও মানুষের কথা মনে থাকবে। বারিধারা কূটনৈতিক এলাকায় হোটেল ‘এসক্ট দি রেসিডেন্স’ আয়োজিত বিদায় অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকরা যোগ দেন। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক জি. এম মোশাররফ হোসেন (খোকা) অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত মিশন থেকে দেখাশোনা করবে মালদ্বীপ সরকার। ২০০৮ সালের আগেও এই ব্যবস্থা ছিল। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা মিশন বন্ধ না করার পক্ষে মত দিয়েছিল বলে একটি সূত্র জানায়। দেশটির অর্থ মন্ত্রণালয় বাজেট সংকোচনের জন্য ঢাকা মিশন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, সাগর ও দ্বীপ বেষ্টিত মালদ্বীপে প্রায় এক লাখ বাংলাদেশি কাজ করছেন। যাদের অধিকাংশই মত্স্যজীবী।