ভারতের ক্রিকেট বোর্ডের নব নিযুক্ত অন্তর্বর্তীকালীন সভাপতি সুনিল গাভাস্কার আশাবাদী ২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সফলভাবে শেষ হবে। দেশটির সুপ্রিম কোর্ট কিংবদন্তি এ ব্যাটসম্যানকে আইপিএল চলাকালে ভারতীয় বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব দেয়ার পর এমন আশাবাদ ব্যক্ত করেন গাভাস্কার। গতকাল এক বিবৃতিতে গাভাস্কার বলেন, ‘আইপিএল চেয়ারম্যান রাজিব বিশাল এবং দুবাইস্থ ম্যানেজমেন্ট স্টাফদের সঙ্গে বৈঠক হয়েছে। ২০১৪ আইপিএলের বিভিন্ন বিষয়ে তারা আমাকে অবহিত করেছেন এবং আগামী ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এ বছরের আসরের বিভিন্ন বিষয়ে সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেছেন। আইপিএলের আসন্ন মৌসুমটি সফল হবে বলে আমি আশাবাদী।’ বিচারপতি এ কে পটনায়ক এবং বিচারপতি ফকির মোহাম্মদ ইব্রাহিম কলিফুল্লাহ শুক্রবার এক আদেশে সপ্তম আইপিএলের দায়িত্বে গাভাস্কারকে এবং বিসিসিআইর বাকি কাজ পরিচালনার দায়িত্ব দেন বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবাল যাদবকে।—বাসস
