বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও গুগল বিজনেস গ্রুপ (জিবিজি)-এর যৌথ উদ্যোগে ‘দ্য লেটেস্ট ইন ই-কমার্স’ শীর্ষক এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে বেসিস অডিটোরিয়ামে। বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে বাংলাদেশে ই-কমার্স ব্যবসা অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের দেশে ই-কমার্স ব্যবসার সম্ভাবনা এবং বাধা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সোমনারে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি ও এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জিবিজি ম্যানেজার ন্যাশ ইসলাম, রিয়াদ হোসেন এবং সালমান হোসেন। অনুষ্ঠানে বিক্রয় ডটকম, এখনই ডটকম, আজকের ডিল ডটকম, রকমারি ডটকম, হাংরিনাকি ডটকম, ডিরেক্ট ফ্রেশবিডি ডটকম, পেজা বাংলাদেশ, রকেট ইন্টারনেট, ফিউচার সলিউশন ফর বিজনস লিমিটেড, কারমুদি ডটকম, লামুদি ডটকম, চালডাল ডটকম প্রভৃতি প্রতিষ্ঠান নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় অনুষ্ঠানের সহযোগী ইউনিফক্স থেকেও তাদের কার্যক্রম উপস্থাপন করা হয়। কেমিকেলমুক্ত তাজা শাক-সবজি, তরি-তরকারি, মাছ-মাংস প্রভৃতি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ বছরের জানুয়ারি মাসে শুরু হয় অনলাইন গ্লোসারি স্টোর ডিরেক্ট ফ্রেশ লিমিটেড (http://directfreshbd.com)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রেটজফিল্ড ই-কমার্স সাইটটির কার্যক্রম নিয়ে আলোকপাত করেন। সাইটটি এখন ঢাকা শহরের কিছু অংশে ১২ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি প্রদান করে থাকে। খুব দ্রুতই পুরো ঢাকা শহর এই সাইটের সেবার আওতায় আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি। বেসিস প্রেসিডেন্ট শামীম আহসান এ সময় বলেন, ‘আমোরিকা, কানাডা, জাপান, সিঙ্গাপুর, জার্মানি ই-কমার্স ব্যবসা থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমরাও সরকারের কাছে আগামী ১০ বছরের জন্য এই কর প্রত্যাহারের আহ্বান জানাই।’ অনুষ্ঠানে ন্যাশ ইসলাম বলেন, ‘জিবিজি ঢাকা ২০টিরও বেশি এ রকম অনুষ্ঠান আয়োজন করেছে এবং এই অনুষ্ঠািনটি সবচেয়ে বেশি সফল হয়েছে।’ ‘দ্য লেটেস্ট ইন ই-কমার্স’ শীর্ষক এই সেমিনারে বেসিস সভাপতি এবং এখনই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসানের সভাপতিত্বে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। ই-কমার্স ব্যবসায়ীরা উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
