জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়াবাজার এলাকার যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ফলে যমুনা বাম তীর সংরক্ষণ প্রকল্প দিন দিন হুমকির মুখে পড়েছে। অথচ স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে। এলাকাবাসী এব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে।
জানা গেছে, বিগত ২০১২ সালে এপ্র্রিলে বর্তমান সরকার যমুনা নদীর বাম তীর ভাঙন রক্ষায় ৪১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করে। বালির বস্তা ডাম্পিং কাজটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার থেকে ইসলামপুর পার্থশী পর্যন্ত কুলকান্দির হরিণধরা হতে হাড়গিলা পর্যন্ত এবং সরিষাবাড়ীর উপজেলার পিংনা এলাকা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু করে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। অথচ ইসলামপুর উলিয়া বাজার এলাকার স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধভাবে যমুনার বাম তীরের বাঁধের পাশ থেকে বালু উত্তোলন করে যাচ্ছে। এতে করে আগামী বর্ষা মৌসুমে পাইলিং-এর ধস নেমে উলিয়াবাজার, উলিয়া উচ্চ বিদ্যালয়, উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিস্তীর্ণ এলাকা যমুনার ভাঙনে হুমকির মুখে পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, ্স্থানীয় প্রশাসন বালু দস্যুদের কাছে বিশেষ কায়দায় মাসোহারা দিয়ে ম্যানেজ হয়ে অবৈধ বালু উত্তোলনের সুযোগ দিচ্ছে। এ ব্যাপারে স্থানীয় নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদলের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিরুপায়। এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলমের নিকট বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
