ঝুন ঝুনা ঝুন

আপডেট : ২৩ মে ২০১৯, ১৯:৪৫

গোলাম নবী পান্না

 

আমার কী দোষ বলো বাবা, তোমার পকেট থেকে—

ঝুন ঝুনা ঝুন শব্দগুলো আমাকে নেয় ডেকে।

আধুলি আর সিকি যখন ঝগড়াঝাঁটি করে

ঝগড়াটা মিটাতেই আনি পকেট থেকে ধরে।

বলি ওদের অমন করে ঝগড়া করো নাকো

তোমরা সবাই মিলেমিশে আমার কাছে থাকো।

তখন থেকে ওদেরই বাস মাটির ব্যাংকে এসে

ক্রমে ক্রমে জমে জমে ঠাঁই নিয়েছে শেষে।

বছর শেষে গুণে গুণে অবাক হলাম একি!

মিলেমিশে ওরাই এখন অনেক জমা দেখি।

ছাও-পোনাদের নিয়েই আমার নানান স্বপ্ন জাগে

‘কয়েন’ নামেই ডাকতে ওদের দারুণ ভালো লাগে।

খেলনাপাতি কিনতে গেলেই ওদের কথা আসে

বাবার পকেটভর্তি আওয়াজ কানের কাছে ভাসে।