আবারও আদালতে অ্যাপল-স্যামসাং

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২০:১৩
বেশ কিছুদিনের বিরতির পর আবারও আদালতে ফিরছে বিশ্বসেরা দুই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং স্যামসাং। অ্যাপল’র বিভিন্ন ডিভাইসে স্লাইড করার মাধ্যমে ডিভাইস আনলক করার যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেটি নকল করার অভিযোগ তারা করেছে স্যামসাংয়ের বিরুদ্ধে। তবে স্যামসাং বলেছে, তারাই এই প্রযুক্তির অগ্রদূত এবং অ্যাপলই তার নকল করছে। অ্যাপল আদালতে এই প্রযুক্তি নকলের জন্য স্যামসাংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে। আর এর জন্য স্যামসাংয়ের যত ডিভাইস স্লাইডিং আনলক ফিচার রয়েছে, তার প্রতিটির জন্য ৪০ ডলার করে দাবি করেছে। আবেদনে অ্যাপল বলেছে, ‘অ্যাপল সবসময়ই পার্সোনাল কম্পিউটিংয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে। আর স্যামসাং এসব প্রযুক্তিকে বরাবরই নকল করে গেছে।’ একে সামগ্রিকভাবে উদ্ভাবনের ধারাকে ব্যাহত করে বলেই তারা স্যামসাংয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।