সময়ের সাথে সাথে এখন ডিজিটাল প্রযুক্তির সাথে জড়িয়ে পড়েছে বইয়ের নামও। ছাপা বইয়ের বদলে বাইরের দেশগুলোতে এখন হাতে হাতে পৌঁছে যাচ্ছে বইয়ের সফটকপি, ই-বই। আমাদের দেশেও তরুণদের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসে বই পড়ার আগ্রহ বাড়ছে। বই কিনতেও এখন ই-কমার্স সাইটগুলোতে ঘুরছেন অনেকেই। তাদের সকলের জন্যই বই বিষয়ক বিভিন্ন সাইটের কথা জানাচ্ছেন তরিকুর রহমান সজীব
বলা হয়ে থাকে, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে পড়ার অভ্যাস কমে গেছে। কথাটি কতটুকু সত্যি, তা নিয়ে তর্কের অবকাশ থাকতে পারে। তবে একটা কথা নিশ্চিত করেই বলা যায়, সময়ের সাথে সাথে মানুষের পড়ার অভ্যাসটি অনেকটাই বদলে গেছে। আগে যেখানে লাইব্রেরিতে গিয়ে কিংবা লাইব্রেরি থেকে বই নিয়ে এসে ঘরে আরাম করে পড়ার দৃশ্য দেখা যেত, সেখানে বই পড়তেই এখন মানুষের হাতে উঠে এসেছে ই-বুক রিডার, স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসি। কম্পিউটার বা ল্যাপটপের পর্দাতেই এখন কেবল ছবি দেখা বা গুরুত্বপূর্ণ কাজের জন্যই নয়, বই পড়ার জন্যও তাকিয়ে থাকেন অনেকেই। তাই এখন প্রযুক্তির বদৌলতে ছাপা বইয়ের বদলে বইয়ের পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল কিংবা ই-বুক অনেকটাই জায়গা করে নিয়েছে। ফলে বর্তমান সময়ে ছাপা বইয়ের সাথে সাথে বাড়ছে ই-বুক বা বইয়ের সফটকপির চাহিদা।
ক্রমান্বয়ে মানুষের হাতে হাতে স্মার্টফোন আর দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে পড়ায় স্মার্টফোনেও বই পড়ার হার বেড়েছে। সব মিলিয়েই অনলাইনে বাংলা বইয়ের খোঁজ খবর পাওয়া নিয়ে এখন অনেকেই সময় ব্যয় করে থাকেন। এর বাইরে ই-কমার্সের বদৌলতে অনান্য পণ্যের মতো বইও কেনার সুযোগ রয়েছে অনলাইনে। ফলে যার যার বসেই পছন্দের বইটি কেনার সুযোগও পাচ্ছেন খুবই সহজেই। এই লেখায় অনলাইনে বাংলা বই সম্পর্কিত বিভিন্ন ওয়েব সাইটের কথা তুলে ধরা হলো।
পাঠ্যপুস্তক
বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইগুলোকে সকলের নিকট পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুইটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এর মধ্যে জাতীয শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটটি হলো www.nctb.gov.bd। এই ওয়েবসাইটে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বইয়ের পিডিএফ ফাইলই পাওয়ায় যাবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষার লক্ষ্য, বিষয়ভিত্তিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য প্রভৃতি বিষয়ের আনুষ্ঠানিক ভাষ্যও পাওয়া যাবে এই সাইটে। এর বাইরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনফরমেশন টু অ্যাকসেস প্রকল্পের অধীনে তৈরি হয়েছে সকল পাঠ্যপুস্তকের ই-বুকের ওয়েবসাইট www.ebook.gov.bd। এখানে প্রথম শ্রেণি থেকে শুরু থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রতিটি বইয়েরই ই-বুক সংস্করণ পাওয়া যাবে বিনামূল্যে। এই সাইটে গিয়ে এসব ই-বই পড়ার পাশাপাশি ডাউনলোডও করা যাবে সহজেই। ফলে ই-বুক ডাউনলোড করে নিয়ে নিজের পছন্দের ডিভাইসেও পড়ার সুযোগ পাওয়া যাবে।
গ্রন্থ ডটকম
অনলাইনে বাংলা বইয়ের বৈচিত্র্যময় একটি সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে গ্রন্থ ডটকম (www.grontho.com) সাইটটি। এই সাইটে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ থেকে শুরু করে ইতিহাস, অর্থনীতি, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, জীবনী, চলচ্চিত্র, সংস্কৃতি—সব বিষয়ের বইই মিলবে। এসব বইয়ের পিডিএফ সংস্করণ রয়েছে সাইটটিতে। বাংলার পাশাপাশি অনেক ইংরেজি বই এবং অনুবাদও রয়েছে এখানে। যথেষ্ট সমৃদ্ধ এই ওয়েবসাইটকে আরও সমৃদ্ধ করে তুলতে কাজ করে যাচ্ছেন এই সাইটের উদ্যোক্তারা। এখানে প্রতিটি বইয়েরই সরাসরি ডাউনলোড লিংক পাবেন। বইয়ের খোঁজে তাই ঢুঁ মারতে পারেন এই ওয়েবসাইটে।
বাংলাবুক ডটঅর্গ
অনলাইনে বাংলা বইয়ের আরও একটি চমত্কার সংগ্রহ রয়েছে বাংলাবুক ডটঅর্গ ওয়েবসাইটে। এখানে বইগুলো সাজানো হয়েছে মূলত বাংলাদেশি লেখক, ভারতীয় লেখক, অনুবাদ এবং সেভিয়েত বাংলা বই—এই চারটি মূল ক্যাটাগরিতে। হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, কাজী আনোয়ার হোসেন, আনিসুল হক, হুমায়ুন আজাদ, জহির রায়হানসহ অনেক দেশি লেখকের বইই রয়েছে এই সাইটে। পাশাপাশি ভারতীয় জনপ্রিয় অনেক লেখকের বইও রয়েছে এই সাইটে। এই সাইটের ঠিকানা www.banglabook.org।
ইবাংলালাইব্রেরি
চিরায়ত বাংলা সাহিত্যের দিকপালদের পাশাপাশি বর্তমানের সাহিত্যিকদের বইও পাওয়া যাবে ইবাংলালাইব্রেরি ওয়েবসাইটে। এই সাইটে প্রবেশ করলেই হোমপেজের লেখক তালিকায় সরাসরি পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনান্দ দাস, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, লালন ফকির, সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, মহাদেব সাহা, হুমায়ুন আহমেদ, জসীমউদ্দিন প্রমুখ সাহিত্যিকের নাম। এ ছাড়াও অন্যান্য লেখকদের বইও রয়েছে এই সাইটে। রয়েছে বইয়ের আলোচনা-সমালোচনা, বইয়ের খবরাখবর প্রভৃতিও। বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থাবলীও রয়েছে এই সাইটে। দুষ্প্রাপ্য অনেক বইয়ের সন্ধানই মিলতে পারে এই ওয়েবসাইটে। এই সাইট থেকে অবশ্য বই ডাউনলোড করতে পারবেন না, তবে পড়তে পারবেন ইচ্ছামতো। সাইটের ঠিকানা http://ebanglalibrary.com।
অনলাইনে রবীন্দ্রনাথ
অনলাইনে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী এখন অনেক ওয়েবসাইটেই পাওয়া যায়। তবে সব ওয়েবসাইটের তুলনায় রবীন্দ্র রচনাবলী সবচেয়ে গোছানো আকারে পাওয়া যাবে ট্যাগোরওয়েব (http://tagoreweb.in) ওয়েবসাইটে। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সকল রচনার সংকলিত একটি ওয়েবসাইটে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব কবিতা, গল্পে, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান এবং অন্যান্য রচনা পাওয়া যাবে এই সাইটে। প্রতিটি ক্যাটাগরিতেই বর্ণানুক্রমিক সূচিতে পাবেন রবীন্দ্রনাথের সব লেখা। রবীন্দ্রপ্রেমীদের জন্য ভারতীয় এই ওয়েবসাইটটি সত্যিই দারুণ একটি উদ্যোগ।
অনলাইনে জাতীয় কবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার অনলাইন সংকলন ভারতীয় সরকারের উদ্যোগে সম্পন্ন করা হলেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যাবতীয় রচনাকে অনলাইনে তুলে ধরতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে অনলাইনে বাংলা বইয়ের বিভিন্ন সংগ্রহশালাতেই খুঁজে পেতে হবে তার রচনা। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউট স্থাপন করে তার ওয়েবসাইট তৈরি করা হলেও সেখানে মিলবে না নজরুলের সকল রচনা। তার লেখা কিছু নির্বাচিত গান, কবিতা ও অভিভাষণই কেবল পাওয়া যাবে নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nazrulinstitute.org.bd)। তবে এখানে নজরুলের জীবনী, গ্রন্থপঞ্জি প্রভৃতি তথ্যও মিলবে। নজরুল ইনস্টিটিউটের প্রকাশিত বইয়ের তালিকাও রয়েছে এই সাইটে। এ ছাড়া কাজী নজরুল ইসলামের রচনার অনলাইন সংকলনের তেমন কোনো উদ্যোগ নেই সরকারি পর্যায়ে। তবে এখন বোধহয় সময় হয়েছে এই বিষয়ে যথার্থ একটি উদ্যোগ গ্রহণের।
চিরায়ত বাংলা সাহিত্য
চিরায়ত বাংলা সাহিত্যের রথী-মহারথীদের অনেক রচনাই এখন রয়েছে অনলাইনে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় শরত্চন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের সকল রচনাকে অনলাইনে দুটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। www.sarat-rachanabali.nltr.org সাইটে শরত্চন্দ্র এবং www.bankim.rachanabali.nltr.org সাইটে বঙ্কিমচন্দ্রের রচনাবলী পাওয়া যাবে। এর বাইরে http://goo.gl/qroUF5 লিংকে গিয়ে পাবেন মাইকেল মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বিভিন্ন লেখা। চর্যাগীতিও মিলবে এই সাইটে।
বই কিনতে রকমারি
ঘরে বসেই যারা বই কিনতে চান, তাদের জন্য বইয়ের একটি বড় সংগ্রহ নিয়ে অপেক্ষা করছে রকমারি ডটকম (http://rokomari.com)। বাংলা বই তো বটেই, ইংরেজি ভাষার অনেক বইও মিলবে এই ওয়েবসাইটে। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ছাড়াও বিজ্ঞান, ধর্ম, দর্শন, আত্মউন্নয়ন, কৃষি, পরিবেশ, রম্য, ভ্রমণ প্রভৃতি বিষয়ের বইও রয়েছে এখানে। এখানে লেখক, প্রকাশনা সংস্থা বা বইয়ের ধরণ অনুযায়ী বই খুঁজে পাওয়া যাবে। রকমারি ডটকমে যেকোনো পরিমাণ বই ডেলিভারি দিতে পারে দেশের যেকোনো প্রান্তে ৩০ টাকায়। বিকাশ ছাড়াও এই সাইট ক্যাশ অন ডেলিভারি সমর্থন করে। অর্থাত্ বই হাতে পেয়েই মূল্য পরিশোধ করতে পারবেন।
অনলাইনে কিনুন পুরোনো বই
পুরোনো বই কেনার জন্য নীলক্ষেতের বইয়ের বাজারের সুনামের কথা কারও অজানা নয়। অনলাইনেও যাতে পুরোনো বই কিনতে পারেন, সেজন্যই চালু হয়েছে নীলক্ষেত ডটকো ওয়েবসাইটটি। এখানে দেশি-বিদেশি বই এবং পাঠ্যবইও কিনতে পারবেন। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, রাজনীতি, চিকিত্সা, বিনোদন ভাষা ও সাহিত্য প্রভৃতি বিষয়ের প্রচুর বই পাবেন। আর বইয়ের অবস্থাভেদে ২৫% থেকে শুরু করে ৭০% পর্যন্ত মূল্যছাড় পাবেন এখানে। এই সাইটেও বই অনলাইনে অর্ডার করে বই হাতে পেয়েই মূল্য পরিশোধ করতে পারবেন। ঠিকানা www.nilkhet.co।
বইয়ের যত খবর বইনিউজ ২৪-এ
বই সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নিয়ে বই বিষয়ক প্রথম অনলাইন পোর্টাল বই নিউজ২৪.ডটকম। এই সাইটে নতুন নতুন বইয়ের খবর, বইয়ের রিভিউ প্রভৃতি বিষয়ক খবর মিলবে। বইমেলাকে কেন্দ্র করেও প্রতিদিনের আপডেট খবর থাকছে এখানে। তরুণ লেখক, প্রকাশকদের নিয়েও রয়েছে আলাদা বিভাগ। নিউজ পোর্টালটিতে কবি-সাহিত্যিকদের জন্মদিনের খবরও পাওয়া যাবে। ব্যতিক্রমী এই পোর্টালটির ঠিকানা http://boinews24.com।
