পরিবর্তনের জোয়ার

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:২৬
বাংলাদেশের অধিনায়ক থেকে শুরু করে সিনিয়র খেলোয়াড়দের অনেকেই ইদানিং বলছেন, দলের খেলোয়াড়রা অনিশ্চয়তায় ভুগছেন; দলে জায়গা হারানোর অনিশ্চয়তা। কিন্তু এই অনিশ্চয়তা কী বাইরে থেকে তৈরি? রেকর্ড কিন্তু তা বলছে না। বরং প্রতি ম্যাচে একাদশে গন্ডা গন্ডা পরিবর্তন এনে খেলোয়াড়দের কেউ অনিশ্চয়তায় ফেলে থাকলে, সেটা টিম ম্যানেজমেন্টই ফেলছে। কতোটা পরিবর্তনশীল বাংলাদেশ দল তা জানতে একটা তথ্য যথেষ্ঠ। গতকালকের ম্যাচটিসহ সর্বশেষ ছয়টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১২ বার একাদশে পরিবর্তন এনেছে! সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে পরিবর্তনশীল দলের খেতাব দাবি করতে পারে এখন মুশফিকুর রহিমের দল। সর্বশেষ তারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছিল আফগানিস্তান ও নেপালের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া দলে কোনো পরিবর্তন না এনেই নেপালের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ছিল একটিমাত্র পরিবর্তন—ইনজুরিতে পড়া মাশরাফির বদলে নেমেছিলেন রুবেল। এ পরিবর্তনটা ছিল অপরিহার্য। কিন্তু মজাটা শুরু হল এরপর থেকেই। এরপর থেকে বাংলাদেশ প্রতিটি ম্যাচে হেরেছে, আর একাদশে এসেছে ঢালাও পরিবর্তন। পরের পাঁচ ম্যাচেই বাংলাদেশের একাদশে ১১ বার কাটাছেড়া হয়েছে। হংকংয়ের বিপক্ষে হারের শোক ও বিস্ময় সামাল দিতে পরের ম্যাচে চারটি পরিবর্তন এনে সুপার টেন খেলা শুরু করে বাংলাদেশ। এদিন একাদশে বাইরে চলে যান আব্দুর রাজ্জাক, ফরহাদ হোসেন, নাসির হোসেন ও রুবেল হোসেন। একাদশে জায়গা করে নেন মুমিনুল হক, সোহাগ গাজী, স্কোয়াডের বাইরে থেকে আসা জিয়াউর রহমান এবং ফেরেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খোলনলচে বদলে ফেলা এই দল নিয়েও হারের ফলে ভারতের বিপক্ষে ম্যাচে আবার দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। মুমিনুলকে মাত্র এক ম্যাচ খেলিয়েই বাদ দিয়ে দেয়া হয়। বাদ পড়েন টি-টোয়েন্টিতে ব্যাপক সম্ভাবনাময় বলে বিবেচিত হয়েও রান করতে না পারা সাব্বির রহমান রুম্মর। এক ম্যাচ বাইরে থেকেই ফিরে আসেন নাসির এবং প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামেন সামসুর রহমান শুভ। ভারতের বিপক্ষে এই ম্যাচের পর অবশ্য একটু মাথা ঠাণ্ডা করতে পেরেছিল বাংলাদেশ। হারলেও পাকিস্তানের বিপক্ষে একাদশে খুব পরিবর্তন আসেনি। শুধু সোহাগ গাজীর বদলে একাদশে ফিরেছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু গতকাল আবার পরিবর্তনের জোয়ার বয়ে গেল। গতকাল যে তিনটি পরিবর্তন হলো, তার একটি অবধারিত ছিল। ইনজুরিতে মাশরাফি দল থেকেই ছিটকে যাওয়ায় তার বদলে ডাক পাওয়া তাসকিনের অভিষেকই হয়ে গেল গতকাল। টূর্নামেন্টে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্কোয়াডের বাইরে থেকে এসে একাদশে ঢুকে পড়লেন। এছাড়াও দুটি পরিবর্তন হল গতকাল। বাদ পড়লন বহু আলোচনার জন্ম দিয়ে দলে ঢোকা জিয়াউর রহমান এবং টানা ব্যর্থতার সঙ্গী হওয়া সামসুর রহমান। তাদের বদলে একাদশে ফিরে এলেন মুমিনুল হক এবং সোহাগ গাজী।