নগর সংস্কৃতি

শেষ হলো তিন দিনের সঙ্গীত উত্সব

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৭
‘জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদ’ শ্লোগানে রবিবার থেকে শুরু হওয়া তিন দিনের সংগীত উত্সব শেষ হলো মঙ্গলবার। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উত্সবের আয়োজন করে। আগের দুদিনের মতো গতকাল মঙ্গলবারও গানে গানে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর। কণ্ঠ-যন্ত্রের সুরেলা উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। তৃতীয় ও সমাপনী দিনের আয়োজন শুরু হয় দোতারার সুরেলা বাদনের মধ্য দিয়ে। পরিবেশন করেন বাংলাদেশ দোতারা শিল্পী পরিষদের শিল্পীরা। নজরুল সংগীত শিল্পী পরিষদের শিল্পীরা গেয়ে শোনান ‘একি অপরূপ রূপে মা তোমার’, ‘চল চল চল ঊর্ধ্ব গগনে’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে’। বৈতালিক সংগীতাঙ্গনের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান ‘ফিরে চল মাটির টানে’, ‘ওরে ওরে ওরে আমার মন মেতেছে’ ও ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’। সিলেটের আরকুম শাহ শিল্পী গোষ্ঠী পরিবেশন করে আরকুম শাহর গান। দোলনচাঁপা ললিতকলা একাডেমির শিল্পীরা গেয়ে শোনান ‘নির্ভীক মুক্তিবাহিনী ভাই’, ‘উজ্জ্বল সবুজের বুকে ওই’ ও ‘খাল বিল নদী নালা’ শিরোনামের তিনটি দেশাত্মবোধক গান। গাও গেরাম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান ‘তুই কালো তোর বরণ’ এবং ‘ও ছোট দেউরারে’ শিরোনামে রাজশাহী অঞ্চলের বারশিয়া গান। ঢোল বাজিয়ে শোনায় ঢোলবাদক অ্যাসোসিয়েশন। গীতাঞ্জলির শিল্পীদের কণ্ঠে গীত হয় ‘তোমার খোলা হাওয়া’, ‘বাঁধ ভেঙ্গে দাও’ ও ‘দুই হাতে কালের মন্দিরাতে’। ধর্মরাজিক ললিতকলা একাডেমির শিল্পীরা গেয়ে শোনান ‘এ হে হেউয়া হেইয়া’, ‘পলাশ ঢাকা কোকিল ডাকা’ ও ‘আমি বাংলাদেশের বাউলরে ভাই’। পদাতিক সংগীত সংসদের শিল্পীরা গেয়ে শোনান গণসংগীত ‘ধন্য আমি জন্মেছি এই’, ‘ও আলোর পথযাত্রী’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’। পূর্বিতা শিল্পীদের কণ্ঠেও গীত হয় গণসংগীত- ‘শক্ত হাতে ধর পতাকা’, ‘বিশ্বে আজ জঙ্গিবাদ’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন ‘আজ যত যুদ্ধবাজ’ ও ‘ফুল খেলবার দিন নয়’ গান দুটি। এদিনের আয়োজনে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, বুলবুল মহলানবীশ, সালমা আকবর, সালাহউদ্দীন আহমেদ, বুলবুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, এমএ মান্নান, মহিউজ্জামান চৌধুরী, নকুল দাস, নারায়ণ চন্দ্র শীল, নার্গিস চৌধুরী, সফিউল আলম রাজা প্রমুখ। চলচ্চিত্র দিবসে শিল্পকলার আয়োজন ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে আজ বিকাল ৪টায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতির ধারার পরিবর্তনসহ নানা দিক নিয়ে মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’র উদ্বোধনী প্রদশর্নী অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল বিকাল ৫টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খান পরিচালিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ ও আলোচনা অনুষ্ঠান। এছাড়াও ৪, ৫ ও ৬ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শিত হবে।