বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, অনেকে বলে থাকেন- এ সরকারের অধীনে নির্বাচনে গেলে বিএনপি ক্ষমতায় আসতো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে কোনদিনই বিএনপি ক্ষমতায় আসবে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হয়েছে। উপজেলা নির্বাচনের পর নির্দলীয় সরকারের দাবি আরও জোরাল হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোন দিনই নির্বাচনে যাবে না।
তিনি গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবিতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর আদেশ পালনে ‘আজ্ঞাবহ’। তাদের কাজ হচ্ছে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। কিন্তু তারা সেটি না করে ‘নাকে খত দিয়ে নির্বাচনে আসার’ মত বিতর্কিত সব বক্তব্য দিচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।
মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
