রুমানা রশীদ ঈশিতা। বর্তমান টিভি নাটকে অনেক অভিনেত্রীর আইকন তিনি। পর্দায় এখন আর নিয়মিত না হলেও মাঝে মাঝে অভিনয় বা গানে পাওয়া যায় তাঁকে। এবার ঈদে নতুন গান ও শর্টফিল্ম পাওয়া যাবে তাঁর। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
সবকিছু নিয়ে বেশ ভালো আছি।
ঈদে আপনার নতুন একটি গান রিলিজ পাবে। এ প্রসঙ্গে শুরুতে জানতে চাই—
ভালোলাগার জায়গা থেকে গান করা। এই গানটির শিরোনাম ‘আমার অভিমান’। গানটির কথা ও সুর লত্ফর হাসানের। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে গানটি। যেটি পরিচালনা করবেন মনজু আহমেদ। আজ (গতকাল) গানটির শুটিংয়ে যাচ্ছি।
নিয়মিত গান করার কোনো পরিকল্পনা রয়েছে কি-না?
সেভাবে এই বিষয়টি নিয়ে বলতে পারছি না। তবে আমি চেষ্টা চালিয়ে যাবো।
এবার ঈদে আপনাকে কোনো নাটকে দেখা যাবে না। এর কারণ কী?
মাঝে বেশ কয়েকবার দেশের বাইরে যাওয়া-আসা ছিল। সিডিউল মেলানো আমার জন্য সম্ভব ছিল না।
ঈদে তাহলে গান ছাড়া আপনাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না?
গান ছাড়া এবার ঈদে আমার একটি শর্টফিল্ম মুক্তি পাবে হৈচৈ প্লাটফর্মে। ‘দ্য হাসপাতাল করিডোর’ শিরোনামে এটি আমার প্রথম শর্টফিল্ম। এটি পরিচালনা করেছেন মীর রাব্বী।
এখন তো নাটকের গল্প ও বাজেট নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আপনার দীর্ঘ ক্যারিয়ারের জায়গা থেকে বিষয়টির মূল্যায়ন কীভাবে করবেন?
এখানে কাউকে সেভাবে তো দোষ দিয়ে লাভ নেই। সব জায়গা থেকে একটা পরিবর্তন দরকার। আর আমাদের নাটকের পলিসিগত পরিবর্তন প্রয়োজন।
আপনাকে এখন আর নিয়মিত নাটকে দেখা যায় না। অনিয়মিত হওয়ার কারণ?
এখন আমার অন্যান্য ব্যস্ততা বেড়েছে। সংসার নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। পাশাপাশি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এ সবকিছুর পাশাপাশি নিয়মিত হতে পারি না।
