ব্যাটিংয়ে টুকটাক সমস্যা থাকলেও এক বোলিং দিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ সহজভাবেই সেমিফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের আগে দলের কোচ পল ফারব্রেস নিজেদের সর্বোচ্চ ভাল খেলার ঘোষণা দিলেন।
আবারো সামনে ওয়েস্ট ইন্ডিজ। এটা কি আপনাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে?
পল ফারব্রেস: দুটি সময়ের মধ্যে মিল আছে সামান্যই। আমি আমার পরিকল্পনার ব্যাপারে কিছুই এখন জানাবো না। শুধু এটাই বলতে পারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এখন আমরা দারুণভাবে উজ্জীবিত। ব্যাটিংয়ে আমরা ১৫-২০ রান কম করেছি। কিন্তু বোলিং দিয়ে আমরা সেই ব্যর্থতা কাটিয়ে তুলেছি। নিউজিল্যান্ড বেশ ভাল দল। আর তাদের বিপক্ষে আমরা অনেক এগিয়ে থেকেই জিতেছি। শেষ দিন আমরা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটাও দেখেছি। আগামীকাল (আজ) আমরা সর্বোচ্চ ভাল খেলতে চাই। এই ফাইনাল, সেমিফাইনালের জন্যই খেলোয়াড়রা ক্রিকেট খেলে।
অনুশীলন ম্যাচ ও ২০১২ সালের ফাইনাল নিয়ে কিছু ভাবছেন?
পল ফারব্রেস: না একদমই। প্রস্তুতি ম্যাচে আমরা মূল বোলারদেরই খেলাইনি। আর টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে তারাই জিতবে। আমরা কতটা প্রস্তুত আর একাগ্র মাঠে সেটাই দেখাতে হবে। আর দু’বছর আগের কথা কি আর বলবো। নিশ্চিত করে বলতে পারি, এটা নিয়ে আমাদের মধ্যে কোন কথাই হয়নি।
একগাদা স্পিনার দলে থাকা কি মাথা ব্যথার কারণ? কাকে রেখে কাকে খেলাবেন?
পল ফারব্রেস: হ্যা; এটা মাথা ব্যথার দারুণ একটা কারণ। আমরা জানি দলে বিশ্বমানের একাধিক স্পিনার আছে। আমরা এর মধ্যেই এই ব্যাপারে অনেক আলোচনা করছি। ম্যাচ শুরু হবার আগে আলোচনার জন্য আরো সময় পাবো।
পিচ কেমন বলে মনে হল?
পল ফারব্রেস: উইকেট ভাল। আমার মনে হয় না রঙ্গনা হেরাথের জন্য এর চেয়ে ভাল উইকেট আর হতে পারে। চট্টগ্রামের চেয়ে বরং এখানেই স্পিনটা ভাল কাজে দেবে। সময়ের সাথে সাথে উইকেটটা কিছুটা স্লো হয়ে আসবে। আর আমরা এখানে অনেকদিন ধরে আছি। ফলে আমরা এখানকার কন্ডিশনটা জানি। আমরা জানি এখানে বল টার্ন করে। একই সাথে বলে পেস পাওয়াটাও জরুরি।
দিনেশ চান্দিমালের অধিনায়কত্ব নিয়ে আপনার মূল্যায়ন কি?
পল ফারব্রেস: চান্দি বেশ ভাল একজন ক্রিকেটার। ক্রিকেট নিয়ে ওর বোঝাপড়াটা দারুণ। তার বয়স খুব বেশি না। তাই মানিয়ে নিতে আরো কিছু সময় লাগবে। পারফরম্যান্সটা যে খুব খারাপ সেটা বলবো না। শেষ টেস্ট ম্যাচেও সে সেঞ্চুরি পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচেও ভাল খেলেছে। টি-টোয়েন্টিতে এখন কিছুটা খারাপ সময় চলছে। দ্রুতই সেটা কাটিয়ে উঠবে বলে আশা করি।
সেমিফাইনাল বা ফাইনালে শ্রীলঙ্কার হেরে যাওয়ার প্রবণতা কি মানসিক কোন ব্যাপার?
পল ফারব্রেস: না, আমি ব্যাপারটাকে এভাবে দেখতে চাই না। এর সাথে এটাও বলা উচিত যে, আমরা যথেষ্ট ভাল করছি বলেই আমরা প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠছি। আমরা কদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতলাম। সেখানে আমরা ভারতকে একবার আর দুবার পাকিস্তানকে হারিয়েছি। বড় দলগুলোর জন্য আমরা মোটেই সহজ কোন দল নই।
