কুবি শিক্ষার্থী আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী ময়নুল ইসলাম আবিরের নিঃশর্ত মুক্তি ও শ্যামল চন্দ্র দাস নামের ফেইসবুক আইডির আসল পরিচয় উৎঘাটনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ ঘটিকায়  বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আবিরের নিঃশর্ত মুক্তি চেয়ে বক্তব্য দেন। এ সময় আবিবের মুক্তি চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

আইসিটি বিভাগের শিক্ষার্থী সৈয়দ মাখদুম উল্লাহ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক ভাতৃত্ব ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শ্যামল চন্দ্র দাসের আইডি ফেইক হওয়ার পরেও অভিযোগের তীর কেন আবিরের দিকে যাবে? শ্যামলের পরিচয় আগে কুবিয়ানদের সামনে প্রকাশ করা হোক। আমাদের দাবি সত্য উৎঘাটন করে বিচার হোক সত্যের পক্ষে।' 

আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী  কামাল বলেন, ‘আবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুষ্ঠু তদন্ত না করে আবিরকে সাজা দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ‘শ্যামল চন্দ দাস’ নামের ফেসবুক একাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ময়নুল ইসলাম আবিরের একাউন্ট থেকে হিন্দু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। ঘটনার পরদিন উপ-পুলিশ পরিদর্শক খালেকুজ্জামান বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে আবিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) এবং ৩১(১) ধারায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন: রাজৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জয় দেব নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার হওয়ার পরদিনই এ ঘটনা ঘটে। তবে আবিরের দাবি, তাকে ফাঁসিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্যই একটি মহল ইচ্ছাকৃতভাবে তার নামে ফেইক একাউন্ট খুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

ইত্তেফাক/নূহু