গোবিন্দগঞ্জে অটোরিকশা চালকদের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:২২
বিভিন্ন স্থানে চাঁদা আদায় বন্ধের দাবিতে গতকাল বুধবার দুপুরে গোবিন্দগঞ্জে ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিকশা-টেম্পু চালক ও শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। গাইবান্ধা জেলা বেবিটেক্সি, অটোটেম্পু ও সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, গোবিন্দগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য বগুড়ায় গেলে সিএনজি অটোরিকশা ও টেম্পুর চালকদের কাছ থেকে মোকামতলায় ২০ টাকা ও মহাস্থানে ৬০ টাকা নেয়া হয়। পহেলা এপ্রিল থেকে প্রশাসনকে দেয়ার নামে মাসিক হিসাবে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। এতে করে গোবিন্দগঞ্জের সিএনজি অটোরিকশা ও টেম্পু মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, অবরোধের খবর পেয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী রাসেল ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।