রাবির সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:২৩
আগ্নেয়াস্ত্রসহ মহানগর ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ নেতা সুদীপ্ত সালামকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সালামকে হাজির করে পুলিশ সাতদিন রিমাণ্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক শারমিন আক্তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে রাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সুদীপ্ত সালাম ও সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আসিফকে মহানগর গোয়েন্দা পুলিশ একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিন রাউণ্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করে। তবে আখতারুল ইসলামকে কেন পুলিশ রিমাণ্ডে নেয়া হয়নি তা জানা সম্ভব হয়নি। মহানগর গোয়েন্দা পুলিশের ওসি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসিফের জন্য পুলিশ রিমাণ্ড চাওয়া হয়নি। গত ২ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সালাম গুলি ছুঁড়েন এবং ২০১২ সালে মতিহার হলের দুই আবাসিক শিক্ষার্থীকে পিটিয়ে জখম, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।