মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বাইরে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত এবং সাতজন আহত হয়। নিহত পুলিশ সদস্যের নাম হল জেনারেল তারেক আল মারগায়ি । তিনি গোয়েন্দা বিভাগেরও প্রধান ছিলেন। বুধবার পুলিশ সেখানে দায়িত্ব পালনকালে গাছের নিকট পুঁতে রাখা বোমাগুলো বিস্ফোরিত হয়।
কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের জের ধরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সেখানে বিস্ফোরিত বোমার ডিভাইস অনুসন্ধান করছে এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের চারপাশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে।
মিসরের আজনাদ মিসর নামে একটি সশস্ত্র বাহিনী তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তারা বিবৃতিতে আরো জানান, আমাদের নারীদেরকে গ্রেফতারের কারণে প্রতিহিংসামূলক এই আক্রমণ করা হয়েছে। দলটি সামনে আরো আক্রমণ চালিয়ে যাওয়ারও হুমকি দেয়। আল জাজিরা এখন পর্যন্ত ওই আ্যাাকাউন্টের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
