‘স্পিনই বড় সমস্যা’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৬
উপমহাদেশের বাইরে থেকে কোন দল বাংলাদেশে আসলেই এই সমস্যায় পড়তে হয়—স্পিন সামলানোর চিন্তাতেই কাহিল থাকতে হয়। এবারও বিশ্বকাপে চালকের আসনে আছেন স্পিনাররা। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে এই স্পিনাররাই মূল ভূমিকা রাখবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ভারতীয় স্পিনারদের নিয়েই দুশ্চিন্তার কথা জানালেন এই ক্রিকেটার। আপনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সেখানে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আপনি কতটা শিখেছেন? ফাফ ডু প্লেসিস: চেন্নাইয়ে কাটানো সময়টা আমি উপভোগ করেছি। প্রায় তিন বছর সেখানে ছিলাম। ধোনির কাছ থেকে অধিনায়ক হিসেবে অনেক কিছু শেখার আছে। ও দারুণ একজন অধিনায়ক। ওর জন্যই ভারত অনেক ট্রফি জিতেছে। অনেক ম্যাচ জিতিয়েছে ভারতকে। আমার অধিনায়কত্বের ধরনটা ভিন্ন। অনেক দিন ধরে অধিনায়কত্ব করছে এমন কারও সাথে তিন বছর কাটানোটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। সেমিফাইনালে ভারতের স্পিন আক্রমণ কি আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে? ফাফ ডু প্লেসিস: এটা বড় একটা সমস্যা। ঢাকার উইকেট আর চট্টগ্রামের উইকেট অনেক ভিন্ন। আমরা চারটি ম্যাচই খেলেছি চট্টগ্রামে। কন্ডিশনের দিক থেকে চিন্তা করলে, ওরা এখানে আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছে। তবে, যতটা দেখলাম, উইকেট আমাদের জন্য খুব খারাপ হবে না বলেই মনে হয়। ভারতের বিপক্ষে চাপ থেকে মুক্ত হতে কি করা উচিত্ বলে আপনি মনে করেন? ফাফ ডু প্লেসিস: গত কদিন ধরে ভারত দারুণ ক্রিকেট খেলছে। আর বড় টুর্নামেন্টে তারা সব সময়ই ভাল করে। ওদের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ভাল। তাই সেটা আমাদের আত্মবিশ্বাসের কারণ। এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথা হচ্ছে... ফাফ ডু প্লেসিস: আমি আগেও একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, কতোটা সময় এবি ব্যাট করার সুযোগ পাচ্ছে সেটা মূখ্য ব্যাপার নয়, ইনিংসের কোন সময়ে সে ব্যাট করবে এটাই আসল ব্যাপার। তিন নম্বরে যদিও ব্যাট করে তাহলে আমাদের জন্য দারুণ একটা সুচনা আসবে। ওটাই ওর আসল জায়গা আর এই টুর্নামেন্টেও সেটাই দেখা গেছে। সেমিফাইনালে অ্যারন ফ্যাঙ্গিয়াসো দলে সুযোগ পেতে যাচ্ছেন? ফাফ ডু প্লেসিস: আসলে সিদ্ধান্তটা কালকে নেয়া হবে। এটা কালকের উইকেট দেখে আমরা সিদ্ধান্ত নেবো। যদি দেখি উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবেন, তাহলে অবশ্যই ওর জন্য একটা সুযোগ থাকছে। দক্ষিণ আফ্রিকার জন্য শিরোপা জয় কতটা গুরুত্বপূর্ণ? ফাফ ডু প্লেসিস: আরও অনেক দিন ধরেই মনে হচ্ছে আমাদের বিশ্বকাপ জয় করার সময় চলে এসেছে। এর জন্য গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ভাল খেলাটা জরুরী। এটা অনেক চাপের একটা ম্যাচ। সঠিক সময়ে সঠিক কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ। এই ঢাকাতেই ১৯৯৮ সালে আপনারা মিনি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন। আবারও সেই ঢাকা। এটা কি আপনাদের জন্য বাড়তি কোন প্রেরণা? ফাফ ডু প্লেসিস: তখন আমি স্কুলে পড়তাম। অনেক ছোট ছিলাম। টিভিতে খেলা দেখেছিলাম। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটটা ভিন্ন। এখানে যে কেউই জিতে যেতে পারে। আমরা বুঝতে পারছি আমাদের সামনে আকাশ-সমান চাপ অপেক্ষা করছে। দেশের জন্য খেলতে নামলে চাপ থাকবেই। সেটা মাথায় রেখেই আমাদের ভাল খেলতে হবে।