তাজরীন চেয়ারম্যান মাহমুদা ফের কারাগারে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৮
তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মিতা গত ৯ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণের পর একদিন কারাগারে থেকে পরেরদিন জামিন পান। গত ২০ মার্চ মিতার জামিন বাতিল করেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ। একইসঙ্গে তিনি পরবর্তী ১৫ দিনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ অনুযায়ী মিতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পঞ্চাশ দিন জামিনে থাকার পর তিনি ফের আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গত বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন ফেরত দেন।