স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রতিবারের মত এবারও রাজধানীসহ সারাদেশে নির্বিঘ্নে এবং সুরক্ষিতভাবে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলা নববর্ষ উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পহেলা বৈশাখ উদযাপনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বৈঠকে সিনিয়র স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ এবং পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখের দিন সকাল থেকে কিছু রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ সংক্রান্ত ম্যাপ দেয়া হবে এবং সময়মত তা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে বলেও জানান তিনি।
