চৌগাছা (যশোর) সংবাদদতা
ঋতুচক্রের আবর্তে ফিরে এসেছে গ্রীষ্মকাল। বাংলা বছর শুরুর এই ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে সেজেছে প্রকৃতিও। প্রকৃতির সাজকে যেন অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে ‘সোনালু’ নামের এই বৃক্ষটি। বৈশাখের এই সময়ে বাংলার প্রকৃতিতে সোনালু ফুল অনন্য শোভা ছাড়িয়ে চলেছে। গাছের শাখা ছাপিয়ে ঝুমকোর মতো ঝুলে আছে হলুদে ছাওয়া ফুলগুলো। দেখতে অনেকটা সোনার চেইনের মতো। এর অপরূপ শোভা যে কারো মনকে ছুঁয়ে যায় নিঃসন্দেহে। এক সময় বাংলার পথেপ্রান্তরে হরহামেশাই সোনালু গাছের দেখা মিলতো। কিন্তু প্রকৃতি হত্যার মচ্ছবে এই শক্ত প্রাণের বৃক্ষটিও বুঝি বিলুপ্তির পথে হাঁটতে শুরু করেছে। এখন বৃক্ষটি দেখতে চাইলে এলাকায় খোঁজাখুঁজি করতে হবে। অঞ্চলভেদে সোনালু গাছকে একাধিক নামে ডাকা হয়। সোনালুর ফল পাকতে দীর্ঘ সময় নেয়। পাকা ফল মাটিতে পড়ে চারা গজায়। তবে গাছের শেকড় থেকেও বংশ বিস্তার করে থাকে।
