ডাকাতি শেষে পালাবার সময় ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৫৯
যাত্রাবাড়ী এলাকায় ডাকাতি শেষে পালাবার সময় এক ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে তার মাইক্রোবাস, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও অন্যান্য জিনিসপত্র। বৃহস্পতিবার ডাকাতির জন্য মাইক্রোবাস নিয়ে পাঁচজনের একটি দল নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। এ সময় আবু বক্কর হোসেন নামে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, কাজলা ব্রিজের কাছ থেকে গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাত চক্রটি পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের সিগন্যালে ধরা পড়ে। এর আগে তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নম্বর গেইটের সামনে থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মেহেদী হাসান নামে একজনকে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। এসময় গামছা দিয়ে তার চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। ডাকাতরা এসময় তাকে মারপিট করে তার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা মেহেদীকে নিয়ে কাজলার দিকে গেলে ব্রিজের সামনে ট্রাফিক পুলিশ সিগন্যাল দেয়। এসময় মাইক্রোবাস থামিয়ে চারজন নেমে দৌড়ে পালিয়ে গেলে পুলিশ আবু বক্করকে গ্রেফতার করে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।