১২০ বছরেও বয়স্ক ভাতা জোটেনি হাজেরা বিবির ভাগ্যে

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫১

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

১২০ বছর বয়সেও বিধবা হাজেরা বিবির ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লির মৃত লেচু মিয়ার স্ত্রী হাজেরা বিবি। তার এক ছেলে থাকলেও নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মায়ের খোঁজখবর নেয় না। নেই কোনো ঘর-বাড়ি। বয়সের ভারে নুইয়ে পড়েছেন হাজেরা বিবি। কথা বলতে শরীর কাঁপে। এরপরেও ভিক্ষা করে চলে তার পেট। আকার ইঙ্গিতে বিধবা হাজেরা বিবি বলেন, একটি বয়স্ক ভাতার কার্ড ও সরকারি একটি ঘর পেতে চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের কাছে বহুবার গিয়েছি; কিন্তু কোনো কাজ হয়নি।

তিনি বলেন, টাকা ছাড়া কোনো কার্ড দেয় না চেয়ারম্যানরা। এ ব্যাপারে নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।