কাঠফাটা রোদ্দুর আর চিটচিটে গরমের এই দিনে শাওয়ারের ঠান্ডা পানির নিচে খানিকটা দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে। তবে শাওয়ার বা কৃত্রিম ঝরণার নিচে এভাবে গোসল করার কাজটি বোধকরি শতভাগ মানুষই একা একা নিজের মতো করে করতে ভালোবাসেন। তবে প্রয়োজন যদি হয় রেকর্ড সৃষ্টির, তাহলে ব্যতিক্রমকেই নিয়ম বানাতে হয়। যেমনটা বানিয়েছিলেন সিঙ্গাপুরের সিংটেল মায়ো টিভি নামের একটি টিভি নেটওয়ার্কের ‘রেস দ্য ডেড’ শীর্ষক শোয়ের প্রতিযোগীরা। প্রায় পাঁচ কিলোমিটার পথ নানা ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে জোম্বির আক্রমণ থেকে বাঁচতে যারা শো’এর নিয়ম মেনে দৌড়েছিলেন তারাই দৌড় শেষে একসাথে শাওয়ার নিতে শুরু করেন নিজেদের ক্লান্তিটুকু কাটাতে। আর এটি করতে যেয়েই একসাথে ২৬৩ জনের শাওয়ার নেওয়ার রেকর্ডটি স্থাপন করেন এই ‘রেস দ্য ডেড’ শো’এর এই অংশগ্রহণকারীরা।
