বেরোবি সংবাদদাতা
হাইকোর্টের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মাহামুদুল হকের জ্যেষ্ঠতাসহ সাত বছরের বেতন-ভাতা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে তিনসদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি সূত্র।
কমিটির সদস্যরা হলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, রংপুর ডিভিশনাল কমিশনার মোহাম্মদ জয়নাল বারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শুচিতা শারমিন। হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬১তম সিন্ডিকেটে এ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের দাবি জানিয়ে মাহামুদুল গত ১৪ মে লিখিত আবেদন জানালে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
মাহামুদুল তাঁর আবেদনে বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাকে নিয়োগ দিয়েছে। এখন আমার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট এক রায়ে তাঁকে নিয়োগ দিতে বলেন। এরপর রায়কে চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয় লিভ টু আপিল ও পরে রিভিউ করলে আপিলেট ডিভিশন তা খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। আদালতের নির্দেশনা মোতাবেক চলতি বছরের ৯ মার্চ ওই বিভাগে প্রভাষক পদে (স্থায়ী) মাহামুদুলকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
