প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আইনজীবীরা হচ্ছেন ‘অফিসার্স অব দ্যা কোর্ট’। আদালতের ভিতর ও বাইরে সব সময় ভালো আচরণ করতে হবে। আদালতের কোন আদেশ বা রায় অনকূলে না গেলে এমন কোন আচরণ করা যাবে না যার মাধ্যমে আইন পেশার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে।
শনিবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ২০০৯ সালে তালিকাভুক্ত আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের সকল আদালত এবং বিচারকরা স্বাধীন। তবে তারা আইনের ঊর্ধ্বে নন। মহত্ এ পেশায় আইনজীবীদের সত্ হতে হবে। অনুকরণীয় আচরণ করতে হবে।
মো. মোজাম্মেল হোসেন বলেন, পূর্ণাঙ্গ রায় না পড়েই অনেক মহল থেকে রায় নিয়ে মন্তব্য করা হয়। ফ্রি স্টাইলে এভাবে রায় নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, দেশে আইনের শাসন কায়েম রাখার জন্য যা যা করণীয় অবশ্যই আপনারা তা করবেন। আদালতকে আদালত হিসেবে বিবেচনা করতে হবে। তবে আদালত যদি বিচারের নামে অবিচার করে তবে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় ঢাকা ও ঢাকা মহানগর আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্ত (বার কাউন্সিলে ২০০৯ সালের ৮ ডিসেম্বর তালিকাভুক্ত) প্রায় এক হাজার ১৯৫ জন আইনজীবীর মধ্যে সনদ বিতরণ করা হয়।
