নাটোরে সড়ক দুর্ঘটনা

রক্ষা পেলেন ফজলে হোসেন বাদশা এমপি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪২
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড়ে শুক্রবার রাত আটটায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। ট্রাকের ধাক্কায় তার গাড়ির পেছন অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। শুক্রবার রাতে তিনি রাজশাহী থেকে ঢাকা যাবার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজাকার মোড়ে তার প্রাইভেটকারকে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ফজলে হোসেন বাদশা, তার পিএস ও গাড়ির চালক অক্ষত আছেন। বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।