দুই মাসে ৬৪১ মাদক ব্যবসায়ীকে সাজা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৩
পুলিশের ব্যাপক ধরপাকড় ও অভিযানের ফলে রাজধানীতে মাদক ব্যবসা অনেকটা কমেছে। আর অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের সাজা প্রদানের ফলেই মাদক ব্যবসা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা জামিনে ছাড়া পেলে তারা পুনরায় মাদক ব্যবসায় জড়াতে আগ্রহ হারাচ্ছে। রাজধানীতে গত দুই মাসে ভ্রাম্যমাণ আদালত ৬৪১ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। সাজার মেয়াদ সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ ১ বছর। এ সময় মামলা হয়েছে ৬৩১টি। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। যুগ্ম কমিশনার বলেন, মাদকদ্রব্যগুলোর মধ্যে ইয়াবা ট্যাবলেট আসে কক্সবাজার রুট হয়ে, ফেনসিডিল আসে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী রুট হয়ে। পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ-বিবাদ, ছিনতাই ও চুরির ঘটনা ঘটে থাকে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত দুই মাসে আদালত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাত্ক্ষণিক ১৫৩ জনকে এক বছরের অধিক, ৪১২ জনকে ছয় মাস ও ৭৬ জনকে ছয় মাসের কম সাজা প্রদান করেছেন। উদ্ধার করা হয়েছে এক কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ১৭৫ কেজি গাঁজা, ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারি অন্যান্য সংস্থার মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশও কাজ করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে তিনি মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।