ছয় জেলা সফরে ড্যান মজীনা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৩
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা পাবনা, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর এবং লালমনিরহাট সফরে যাচ্ছেন। আজ রবিবার থেকে আগামী সাতদিন তিনি এসব জেলা ঘুরে দেখবেন। বাংলাদেশের ৬৪টি জেলা সফরে মার্কিন রাষ্ট্রদূতের অঙ্গীকারের অংশ এই সফর। শনিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর জেন্ডার ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতের সঙ্গে এ সফরে থাকবেন ইউএসএআইডি’র মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি। অনুষ্ঠানটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মজীনা উত্তরাঞ্চলের কয়েকটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাও পরিদর্শন করবেন। এছাড়াও তিনি স্থানীয় সরকার কর্মকর্তা, প্রশাসন ও নাগরিক সমাজের সাথে সাক্ষাত্ করবেন। জেলাগুলো সফরের সময় এই অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানও ভ্রমণ করবেন তিনি।