চাটমোহরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বুধবার আগুনে পুড়ে আয়শা বেগম ওরফে আয়শা বুড়ি (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আয়শা উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ওয়াপদা বাঁধ এলাকার মৃত ওছিমউদ্দিনের স্ত্রী। হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বৃদ্ধা আয়শা বেগম তার বাড়িতে বোনকে সাথে নিয়ে থাকতেন। চোখে দেখতে পারতেন না। বুধবার বিকেলে তার বোন বাড়িতে না থাকায় একাই ঘরের মধ্যে রান্না করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত আগুন লাগলে পুড়ে ঘটনাস্থলেই বৃদ্ধা আয়শা বেগমের মৃত্যু হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যুর খবর জেনেছি। পুলিশের মাধ্যমে তার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।