স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। এ লক্ষ্যে আজ বুধবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান ছিলেন উপজেলা আওয়ামী লীগ-এর কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। ২০১৪ সালে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান থাকাকালীন সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেলেও ভোটে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহিষ্কৃত নেতাদের সাধারণ ক্ষমা করেন। তিনিও সাধারণ ক্ষমার আওতায় আসেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন গ্রহণ করেন। কিন্তু দল কিছু বিধি-নিষেধ আরোপ করায় মনোনয়ন বোর্ডে সাক্ষাত্কার দেননি তিনি। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী মনোনয়ন সংগ্রহ ও জমা দেন । পদত্যাগকৃত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার কারণে পদত্যাগ করতে হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে গত ২২ নভেম্বর জেলা প্রশাসক, রংপুরের মাধ্যমে সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর তিনি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঐদিনেই এনামুল হাবীব জেলা প্রশাসক, রংপুর স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান-এর পদত্যাগের বিষয়টি সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, বংলাদেশ সচিবালয় বরাবর অবগত করান।
