বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় আগ্নেয়াস্ত্রসহ ‘মগবাহিনী’র এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার বগালেক সড়কের পাহাড়ের অরণ্যে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মগ লিবারেশন পার্টির (এমএলপি) শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মন্টু মারমা (৩৪)। এসময় তার কাছ থেকে গুলিসহ ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রুমা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মো. শাহনেওয়াজ জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক সন্ত্রাসী ‘মগ লিবারেশন পার্টি’ অন্যতম সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। কয়েক দফা অভিযানের পর তাকে ভোররাতে আটক করা সম্ভব হয়েছে। সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
