রামগতিতে ট্রাকসহ ১০ লাখ গলদা পোনা জব্ধ

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৭

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে বুধবার গভীর রাতে ১০ লাখ গলদা চিংড়ি মাছের পোনা জব্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পোনা পরিবহনের একটি ট্রাক আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার আজাদনগর বাজার থেকে ট্রাকসহ এ পোনা জব্দ করেন। এসময় স্থানীয় চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রামপুলিশ, কোস্টগার্ড ও মত্স্য বিভাগ তাকে সহায়তা করেন। ৩০টি প্লাস্টিকের ড্রামে করে ব্যবসায়ীরা খুলনায় এ পোনাগুলো চালান করছিল। জব্দ করা পোনাগুলোর দাম প্রায় ১০ লাখ টাকা বলে মত্স্য বিভাগ সূত্রে জানা যায়।

সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, রাতেই পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক ট্রাকটি কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্টের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকের চালক, হেলপার ও আড়তের ২ জন শ্রমিককে চিংড়ি পোনা আর পরিবহন না করার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয়।