টিম বাসের সামনে দুই সিনিয়র মুশফিক ও রিয়াদ-ওয়েবসাইট
ত্রিদেশীয় সিরিজের সফল মিশনের পর আয়ারল্যান্ডের ডাবলিন থেকে লন্ডনে এসে লেস্টার সিটিতে অবস্থান করেছিল বাংলাদেশ দল। লেস্টার সিটির গ্রেস রোডে টানা চারদিন অনুশীলন করেছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। গতকাল লেস্টার সিটি ছেড়ে কার্ডিফে চলে গেছে গোটা দল।
আগামী কয়েকদিন কার্ডিফেই থাকবে টাইগার বাহিনী। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় লেস্টার সিটি থেকে কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেয় দল। দুপুর ১টার দিকে কার্ডিফে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচই কার্ডিফে। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। প্রস্তুতি ম্যাচের পর্ব শেষে আগামী ২৯ মে লন্ডনে ফিরে আসবে বাংলাদেশ।
এদিকে গতকাল লন্ডনে অধিনায়কদের জন্য আয়োজিত আইসিসির অফিসিয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাশরাফি। সংবাদ সম্মেলন শেষে মিডিয়া ম্যানেজারসহ কার্ডিফের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কার্ডিফে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবালও। ত্রিদেশীয় সিরিজের পর ছুটিতে দুবাই গিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। ছুটি কাটিয়ে বোলিং কোচ কোর্টনি ওয়ালশও গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
