স্পোর্টস রিপোর্টার
আবাহনী এবং বসুন্ধরা কিংস প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল নিজ নিজ খেলায় জিতেছে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। অপরদিকে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
বসুন্ধরা আরেকটি সহজ জয় তুলে নিলেও এ ম্যাচে গোল হজম করেছে। প্রথমার্ধে কলিন্দ্রেস এবং বখতিয়ারের গোলে এগিয়ে ছিল বসুন্ধরা। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিয়ার হয়ে খেলা কলিন্দ্রেস বসুন্ধরার অধিনায়ক। কিরগিজস্তানের বখতিয়ার আবাহনীর বিপক্ষে গোল করে জিতিয়েছেন। মাঝে ৫৩ মিনিটে নোফেলের ইসমাইল বাঙ্গুরা পেনাল্টিতে গোল করলেও সেটা কোনো কাজে আসেনি। ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান মারকোসের গোলটি ম্যাচ জয় নিশ্চিত হয় ৩-১। পেশাদার লিগে এখনো হারেনি বসুন্ধরা। তাদের পয়েন্ট ১৫ খেলায় ৪৩। নোফেলের ১৪ খেলায় ৯ পয়েন্ট।
আবাহনী জয়ে ফিরল
গোপালগঞ্জে আবাহনী ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। জ্বলে উঠেছেন বেলফোট, জীবন, মামুনুল এবং সানডে। চারজনই গোল করেছেন। শিরোপা প্রতিদ্বন্দ্বী বসুন্ধরার বিপক্ষে খেলায় এই ফুটবলাররা হাজার চেষ্টা করেও একটি গোলের দেখা পায়নি।
কাল আইভরি কোস্টের বাল্লো ফামুসার গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে গিয়েছিল ১৪ মিনিটে। গোল হজম করে পিছিয়ে থাকা আবাহনী রুদ্র মূর্তি ধারণ করে জয় তুলে নেয়। শিরোপাধারী আবাহনীর অবস্থা ভালো না। বসুন্ধরার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে দলটি। আজ থেকে প্রিমিয়ার লিগের বিরতি। জাতীয় দলের খেলা আছে। লিগ পুনরায় শুরু হবে ১৫ জুন।
